তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহের শেষ নেই। আর তারকাটা যদি হন ক্রিস্টিয়ানো রোনালদো, তবে সেই কৌতূহলের পারদ সবসময় চূড়াতেই থাকে! দেখতে দেখতে সম্পর্কের এক দশক পার করে দিয়েছেন সিআরসেভেন ও তাঁর প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ। একসঙ্গে সংসার, সন্তান আর সাফল্য উদযাপনের সবটুকু থাকলেও ভক্তদের মনে বড় প্রশ্ন—এত কিছুর পরও কেন আনুষ্ঠানিকভাবে ‘শুভ পরিণয়’ বা বিয়ের পিঁড়িতে বসছেন না এই প্রভাবশালী জুটি?
এক দশকের পথচলায় পাঁচ সন্তানকে নিয়ে রোনালদো-জর্জিনা জুটির ভালোবাসার রঙিন সংসার। পর্তুগিজ মহাতারকা ক্যারিয়ারের সেরা সাফল্যগুলো ভাগাভাগি করে নিজেদের বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম চর্চিত জুটি হিসেবে তুলে ধরেছেন। তবে এত গল্প আর স্মৃতি জমানোর পরও বিয়ের শুভ কাজটা ঠিক কবে হচ্ছে, সেই প্রশ্ন পিছু ছাড়ছে না তাঁদের।
তবে রোনালদো ও জর্জিনার এখনও বিয়ে না করার কারণটি কোনো গোপন রহস্য নয়, ফুটবল তারকা নিজেও তা কখনও লুকিয়ে রাখার চেষ্টা করেননি। রোনালদো নিজেই পরিষ্কার করে বলেছেন—যেদিন দুজনেই মনে করবেন বিয়ের সঠিক সময় এসেছে, ঠিক সেদিনই হবে এই শুভ কাজ।
সিআরসেভেনের কাছে বিয়ের সিদ্ধান্তটা কখনোই গণমাধ্যমের চাপ, একসঙ্গে কত বছর কাটানো হলো সেই হিসাব কিংবা চারপাশের গুঞ্জনের ওপর নির্ভর করে না। সম্পর্কের শুরু থেকেই নিজের এই ভাবনায় একদম পরিষ্কার ও অটল তিনি।
জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার ভেতরেও মিশে ছিল রোনালদোর সেই একই জীবনদর্শন। প্রখ্যাত সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে সিআরসেভেন নিজেই খোলসা করেছিলেন সেই গল্প। বিয়ের প্রস্তাবটা কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন কিংবা বিলাসবহুল কোনো ছুটির আড্ডায় ছিল না; বরং ঘটেছিল এক গভীর রাতে, একেবারে অপ্রত্যাশিতভাবে।
রোনালদোর ভাষ্যমতে, সেদিন এক বন্ধুর কাছে আংটিটি ছিল। বন্ধু আংটি এনে হাত তুলে দেওয়ার পর রোনালদো আর এক মুহূর্তও দেরি না করে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, ঠিক যে মুহূর্তে তিনি প্রোপোজ করছিলেন, তখনই তাঁদের দুই সন্তান হুট করে ঘরে ঢুকে পড়ে! চোখের সামনেই তারা বাবা-মায়ের জীবনের অন্যতম সেরা ও অর্থবহ মুহূর্তের সাক্ষী হয়ে যায়।
আর ঠিক এই কারণেই, এত বছর পর তাঁদের বিয়ের তারিখ নিয়ে নিত্যনতুন গুঞ্জন কিংবা মন্তব্যে রোনালদো আর জর্জিনা মোটেও কান দেন না। কারণ তাঁদের কাছে এসব আলোচনার গুরুত্ব একেবারেই নামমাত্র।
অবশ্য আগামী শনিবার রোনালদো নিজ জন্মভূমি মাদেইরা দ্বীপে জর্জিনাকে বিয়ে করতে যাচ্ছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’। প্রতিবেদনে বলা হয়েছে, ৪১ বছর বয়সী রোনালদো ও ৩২ বছর বয়সী স্প্যানিশ-আর্জেন্টাইন মডেল জর্জিনার বিয়ের আনুষ্ঠানিকতা হবে মাদেইরার রাজধানী ফুনচালের ঐতিহাসিক ক্যাথেড্রালে।



