পবিত্র রমজান মাসের সমাপ্তি ও শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় বিশেষ পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। দেশটিতে আজ রমজান মাসের ২৯তম দিন।
সৌদি আরবের উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী, আজ সূর্যাস্তের পর দেশটির সর্বত্র মুসলিমদের চাঁদ দেখার জন্য অনুরোধ জানানো হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সুপ্রিম কোর্টের বিবৃতিতে জানানো হয়, আজ বুধবার সন্ধ্যায় যদি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তবে সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ)। আর যদি আজ চাঁদ দেখা না যায়, তবে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ঈদ হবে আগামী শুক্রবার (২০ মার্চ)।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যারা খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখতে পাবেন, তারা যেন নিকটস্থ আদালতে গিয়ে তাদের সাক্ষ্য নিবন্ধন করেন অথবা স্থানীয় প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করেন।
আজ সূর্যাস্তের পর সৌদি আরবের বিভিন্ন উচ্চস্থানে সরকারি চাঁদ দেখা কমিটি পর্যবেক্ষণে বসবে। প্রাপ্ত সকল তথ্য যাচাই-বাছাই শেষে সুপ্রিম কোর্টই আজ রাতে আনুষ্ঠানিকভাবে পবিত্র ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।



