৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চিলমারীর দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনীর মহড়া

৫ ফেব্রুয়ারি ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নিরাপত্তা জোরদারে মহড়া চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে এই মহড়ার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার নয়ারহাট ইউনিয়নের চরাঞ্চল ও নদীঘেরা খেরুয়ারচর এলাকায় হেলিকপ্টারযোগে এসে আকাশপথে মহড়া পরিচালনা করে সেনাবাহিনী। দুর্গম এলাকাগুলোতে দ্রুত পৌঁছানোর সক্ষমতা যাচাই ও নিরাপত্তা বার্তা দিতেই এই বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

নির্বাচন ঘিরে সেনাবাহিনীর তৎপরতার অংশ হিসেবে চরাঞ্চলের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়ও করা হয়। এ সময় ভোটারদের শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আশ্বস্ত করেন সেনাসদস্যরা। ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চিলমারী আর্মি ক্যাম্পের পক্ষ থেকে আকাশপথে এই মহড়া পরিচালিত হয়।

মহড়ায় উপস্থিত ছিলেন ৬ ইঞ্জিনিয়ার ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নোমান মুন্সী, চিলমারী আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মো. তরিকুল ইসলাম, ক্যাপ্টেন মো. তাহসিন তামিমসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মহড়ার অংশ হিসেবে সেনাবাহিনীর সদস্যরা হেলিকপ্টার থেকে প্যারাসুটের মাধ্যমে চরাঞ্চলের দুর্গম ভোটকেন্দ্র এলাকায় নামার কৌশল প্রদর্শন করেন। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে নির্বাচনী নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণের বিষয়ে আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করেছেন। আরিফুর রহমান, কালাম ও আজাদসহ কয়েকজন বলেন, ভোট দিতে গেলে আগে ভয় কাজ করত। এখন সেনাবাহিনী থাকায় নিশ্চিন্তে ভোট দিতে পারবেন বলে তারা মনে করছেন।

সাধারণ ভোটার রহিম জানান, চরাঞ্চলে মাঝে মাঝে সন্ত্রাসী আতঙ্ক থাকে। তবে সেনাবাহিনীর এই মহড়ায় সাধারণ মানুষের মনে সাহস ও আস্থা ফিরে এসেছে।

নারী ভোটার আলেয়া বেগম বলেন, “আগে ভোটের সময় ঘরেও ভয় লাগত। আজ সেনাবাহিনী দেখে অনেক সাহস পেয়েছি। তারা এখানে আছে—এটাই আমাদের বড় ভরসা।”

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তারা সম্পূর্ণ প্রস্তুত। বিশেষ করে নৌপথনির্ভর দুর্গম এলাকায় ভোটের আগে ও পরে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে চিলমারী উপজেলায় অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে।

সর্বশেষ