আবারও মুখোমুখি হচ্ছে স্পেন-আর্জেন্টিনা, কবে কখন শুরু

২২ জুলাই ২০২৬

বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি স্পেন ও আর্জেন্টিনা আবারও মুখোমুখি হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইএসপিএন আর্জেন্টিনার জ্যেষ্ঠ সাংবাদিক মার্টিন আরেভালো।

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন (ইউরো জয়ী) ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন (কোপা আমেরিকা জয়ী) দলের মধ্যকার এই আন্তঃমহাদেশীয় শিরোপা লড়াইয়ের সূচি নিয়ে সম্প্রতি নতুন অগ্রগতি হয়েছে।

কবে ও কোথায় হবে মহারণ?

মার্টিন আরেভালোর প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের নভেম্বর মাসে কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের বিষয়ে আলোচনা বহুদূর গড়িয়েছে। কাতার সরকার ইতোমধ্যে এই ঐতিহাসিক ম্যাচটি আয়োজনের স্বত্ব পেয়েছে বলেও দাবি করা হয়েছে।

উল্লেখ্য, ইউরো ও কোপা আমেরিকা জয়ের পর মূলত ২০২৬ বিশ্বকাপের আগেই ম্যাচটি কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও রাজনৈতিক উত্তেজনার কারণে তা স্থগিত হয়ে যায়। পরবর্তী সময়ে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু কিংবা ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ভিত্তিতে খেলার প্রস্তাব উঠলেও শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

যদিও এখন পর্যন্ত উয়েফা (UEFA) কিংবা কনমেবল (CONMEBOL)-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও প্রতিবেদনটি প্রকাশের পর ফুটবলবিশ্বে উন্মাদনা ছড়িয়ে পড়েছে।

প্রতিশোধের দারুণ সুযোগ আর্জেন্টিনার:

ফিনালিসিমা পিছিয়ে যাওয়ায় ভাগ্যের পরিহাসে দল দুটি সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল। সেই ফাইনালের অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতে স্পেন।

বিশ্বকাপ ফাইনালের সেই অনাকাঙ্ক্ষিত হারের পর সম্ভাব্য এই ফিনালিসিমা ম্যাচটি আলবিসেলেস্তেদের জন্য প্রতিশোধ নেওয়ার সেরা সুযোগ। অন্যদিকে, বিশ্বচ্যাম্পিয়ন স্পেন চাইবে মাঠে তাদের আধিপত্য ধরে রাখতে।

সর্বশেষ