১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

১১ মার্চ ২০২৬

আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনের মধ্য দিয়েই নতুন সরকারের সংসদীয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

অধিবেশনের মূল কার্যক্রম

অধিবেশনের প্রথম দিনেই নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর রাষ্ট্রপতি সংসদে তাঁর ভাষণ দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, রাষ্ট্রপতির ভাষণে ‘জুলাই সনদের’ প্রতিফলন থাকবে।

দলীয় বৈঠক ও প্রস্তুতি

অধিবেশনকে সামনে রেখে আজ বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় সংসদ ভবনে বৈঠকে বসে সরকারি দল বিএনপি। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ অধিবেশনের সার্বিক বিষয়ে আলোচনা হয়।

অন্যদিকে, বেলা পৌনে ১২টায় বিরোধীদলীয় নেতার কক্ষে বৈঠকে বসেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক সম্পন্ন হয়।

অধিবেশন ঘিরে সংসদ সচিবালয় ইতোমধ্যে তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

সর্বশেষ