আসন্ন জাতীয় বাজেটকে সামনে রেখে সংবাদপত্র শিল্পের টিকে থাকা ও উন্নয়নে পাঁচ দফা দাবি তুলে ধরেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।
সোমবার (৩১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর প্রধান কার্যালয়ে প্রাক-বাজেট আলোচনায় এসব দাবি উপস্থাপন করেন নোয়াবের সাধারণ সম্পাদক ও দৈনিক বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। সভায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ অন্যান্য গণমাধ্যম ব্যক্তিত্ব।
নোয়াবের প্রধান ৫টি দাবি হচ্ছে, নিউজপ্রিন্টে আমদানি শুল্ক প্রত্যাহার,উৎস কর ও অগ্রিম আয়কর কমানো,
নিউজপ্রিন্টে ভ্যাট অব্যাহতি,কর্পোরেট কর ১০ শতাংশে নামানো এবং কর্মীদের আয়করের দায় প্রতিষ্ঠান থেকে মুক্ত করা।
সংবাদপত্রের প্রধান কাঁচামাল নিউজপ্রিন্ট আমদানিতে বর্তমানে বিভিন্ন কর-শুল্ক মিলিয়ে ব্যয় অনেক বেড়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
নোয়াবের নেতারা বলেন, কাঁচামালের দাম বৃদ্ধি, বিজ্ঞাপন আয়ের সংকট ও উচ্চ করের কারণে সংবাদপত্র শিল্প বর্তমানে কঠিন সময় পার করছে।
এই শিল্প শুধু ব্যবসা নয়, বরং গণতন্ত্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং হাজারো মানুষের কর্মসংস্থানের উৎস।
তাই ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এসব দাবি বাস্তবায়ন করা হলে সংবাদপত্র শিল্প টিকে থাকা ও বিকাশে নতুন গতি পাবে বলে আশা সংশ্লিষ্টদের।



