বাংলাদেশে জন্ম নেওয়া নিজের কন্যাসন্তানের জন্মনিবন্ধন সনদ পেতে একের পর এক দপ্তরে ঘুরে চরম হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন তানভীর সোহেল নামের এক বাংলাদেশি নাগরিক। দীর্ঘ চেষ্টায়ও নিজ দেশে সন্তানের জন্মনিবন্ধন না পেয়ে শেষ পর্যন্ত ভারতীয় নাগরিকত্বের আবেদন করেন তিনি। তার দাবি, আবেদন করার মাত্র ১৫ দিনের মধ্যেই মেয়ের ভারতীয় জন্মনিবন্ধন ও পাসপোর্ট হাতে পেয়েছেন।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তানভীর সোহেল জানান, তিনি বাংলাদেশি নাগরিক এবং তার স্ত্রী ভারতীয় নাগরিক। তাদের কন্যাসন্তানের জন্ম বাংলাদেশে। নিয়ম অনুযায়ী সন্তানের জন্মনিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে বাবার জাতীয়তা বাংলাদেশি ও মায়ের জাতীয়তা ভারতীয় উল্লেখ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করার চেষ্টা করেন তিনি। তবে সিস্টেম তা গ্রহণ না করায় বারবার চেষ্টা করেও আবেদন সম্পন্ন করা সম্ভব হয়নি।
এরপর সমাধানে সিটি কর্পোরেশন অফিসে গেলে সেখান থেকে নিজ এলাকার কাউন্সিলর অফিসে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। কাউন্সিলর অফিসে গেলে প্রতিনিধিরা তার ভোটার এলাকা সম্পর্কে জানতে চান। ভোটার এলাকা পটুয়াখালীতে হওয়ায় জানানো হয়, ওই এলাকার ভোটার না হলে তারা জন্মনিবন্ধন করতে পারবেন না।
পরবর্তীতে পটুয়াখালীর ইউনিয়ন পরিষদে গেলে সেখানে জানতে চাওয়া হয় এটি কত নম্বর সন্তান এবং আগের সন্তানের জন্মনিবন্ধন কোথায় করা হয়েছে। প্রথম সন্তানের জন্মনিবন্ধন ঢাকায় করা হয়েছে জানালে ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয়, প্রথমটি ঢাকায় হওয়ায় দ্বিতীয় সন্তানের জন্মনিবন্ধন তারা করতে পারবেন না।
তানভীর সোহেল জানান, এরপর ভোটার এলাকা ঢাকায় স্থানান্তরের জন্য নির্বাচন অফিসে যোগাযোগ করলেও দীর্ঘ প্রক্রিয়া ও সময়ক্ষেপণের মুখে পড়েন। অন্যদিকে স্ত্রীর জরুরি প্রয়োজনে ভারতে যাওয়ার তাড়া থাকায় দিনের পর দিন নির্বাচন অফিসে সময় দেওয়া তার পক্ষে কঠিন হয়ে পড়ে। পুনরায় ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর অফিসে গিয়ে জরুরি অবস্থার কথা জানালে বলা হয়, ভোটার এলাকা ঢাকায় না হলে অন্তত ঢাকায় নিজের নামে জমি থাকতে হবে; জমি না থাকলে জন্মনিবন্ধন করা যাবে না।
সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর বাবা-মা মিলে মেয়ের জন্য ভারতীয় নাগরিকত্বের আবেদনের সিদ্ধান্ত নেন বলে জানান তানভীর সোহেল। তার ভাষ্য অনুযায়ী, ভারতীয় হাইকমিশনে কাগজপত্র জমা দিতে এবং পরবর্তীতে পাসপোর্ট সংগ্রহে মাত্র ২০ মিনিট করে সময় লেগেছে এবং কোনো হয়রানি বা অপ্রয়োজনীয় প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। আবেদন করার ১৫ দিনের মধ্যেই মেয়ের ভারতীয় জন্মনিবন্ধন ও পাসপোর্ট পেয়ে যান তারা।
নিজের দেশের জন্মনিবন্ধন না পাওয়া এবং ভোগান্তির প্রসঙ্গ তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন, বাংলাদেশে জন্ম নেওয়া একটি শিশুর জন্মনিবন্ধন কি ভোটার এলাকা বা ঢাকায় জমির মালিকানার ওপর নির্ভর করবে, এবং সাধারণ মানুষের সন্তানেরা কীভাবে এই মৌলিক নাগরিক সেবা পাবেন।



