পিলখানায় বিডিআর বিদ্রোহের পর পলাতক সদস্যদের ধরতে পরিচালিত ‘অপারেশন রেবেল হান্ট’ চলাকালে তৎকালীন কর্নেল জিয়াউল আহসান (বর্তমানে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল) ৮ থেকে ১০ জন বিডিআর সদস্যকে হত্যা করেন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন তার সাবেক বডিগার্ড (রানার) ইমরুল কায়েস।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্র বনাম মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এসব তথ্য তুলে ধরেন। এর আগে গত ২১ জুন আওয়ামী লীগ সরকারের আমলে শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী হিসেবে সেনাসদস্য ইমরুল কায়েস এই জবানবন্দি দিয়েছিলেন।
যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর জানান, জিয়াউল আহসান দুই পদ্ধতিতে এসব হত্যাযজ্ঞ চালাতেন। একটি ছিল ইনজেকশন পুশ করে এবং অন্যটি ছিল পোস্তগোলা ব্রিজের নিচে আর্মি ক্যাম্পের ভেতর দিয়ে নৌকায় করে নদীতে নিয়ে সিমেন্টভর্তি বস্তার ওপর রেখে হত্যা করা। পরে সিমেন্টের বস্তা রশি দিয়ে পেঁচিয়ে মাথায় গুলি করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হতো।
ইমরুল কায়েসের জবানবন্দির বিবরণ: আদালতে চিফ প্রসিকিউটর ইমরুল কায়েসের জবানবন্দির বিভিন্ন অংশ তুলে ধরেন। জবানবন্দিতে ইমরুল জানান, ২০১১ সালের রমজানের শেষ দিকে একদিন ইফতারের আগে জিয়াউল আহসানের নির্দেশে উত্তরার নর্থ টাওয়ারের সামনে গিয়ে তিনি দেখেন, ডাকাতির প্রস্তুতির সাজানো অপারেশনে চারজনকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে।
২০১২ সালের প্রথম দিকের আরেকটি ঘটনার বর্ণনায় তিনি বলেন, তিনটি মাইক্রোবাসে করে ১১ জন আসামিকে পোস্তগোলা আর্মি ক্যাম্পের দিকে নিয়ে নৌকায় তোলা হয়। এ সময় এক আসামি পানিতে ঝাঁপ দিলে জিয়াউল আহসানের নির্দেশে ইমরুল তাকে ধরে নৌকায় তোলেন। পরে নদীর মাঝখানে নিয়ে ওই ১১ জনকেই হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়। ওই অভিযানে মেজর নওশাদ, স্কোয়াড্রন লিডার সাইফ, কমান্ডার সোহেল এবং এডিজি (অব.) মুজিব উপস্থিত ছিলেন বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়।
এছাড়া ২০১২ সালের মাঝামাঝি র্যাব-১-এর টিএফআই সেল থেকে হাত বাঁধা ও জমটুপি পরানো দুজন আসামিকে সিলেটের জাফলং সীমান্তে নিয়ে সাদা পোশাকের কয়েকজনের কাছে হস্তান্তর করা হয় এবং তাদের কাছ থেকে দুজনকে বুঝে নেওয়া হয়। ঢাকায় ফেরার পথে জাফলং সীমান্ত থেকে ২০-৩০ কিলোমিটার দূরে একজনকে এবং আরও ১০-১২ কিলোমিটার দূরে অপরজনকে গাড়ি থেকে নামিয়ে জিয়াউল আহসান গুলি করে হত্যা করেন বলে সাক্ষ্যে উল্লেখ করা হয়েছে।
ইলিয়াস আলী অপহরণ প্রসঙ্গ: জবানবন্দিতে বিএনপি নেতা ইলিয়াস আলী অপহরণের প্রসঙ্গও উঠে আসে। ইমরুল কায়েস জানান, ২০১২ সালের ১৩ এপ্রিল রাতে র্যাব সদর দপ্তর থেকে জিয়াউল আহসানসহ কয়েকজন কর্মকর্তা মহাখালী ফ্লাইওভারের দিকে যান। তবে সেদিন টার্গেট না আসায় তারা ফিরে আসেন। পরদিন থেকে ইমরুল ৯ দিনের ছুটিতে যান এবং গণমাধ্যমে ইলিয়াস আলী অপহরণের খবর জানতে পারেন। ২৩ এপ্রিল কর্মস্থলে ফিরে তিনি জানতে পারেন, অস্ত্রের ইন-আউট রেজিস্ট্রার ও সিসি ক্যামেরার ফুটেজ নষ্ট করে ফেলা হয়েছে এবং ১৮ এপ্রিল থেকে রোল কলের সময় সকাল ৯টার পরিবর্তে সকাল ৭টায় নিয়ে আসা হয়।
ইমরুল আরও জানান, একদিন ফোনে কথা বলার সময় তৎকালীন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের ফোন এলে জিয়াউল আহসান তাকে বলেন, ‘স্যার, আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গলফ করলাম। এখন আপনারা এমন করলে হবে? এর চেয়ে আমি কমান্ডো মানুষ, আমাকে জঙ্গলে পোস্টিং দিয়ে দেন। এটাই আমার জন্য ভালো।’
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আদালতকে বলেন, ইমরুল কায়েস একজন প্রত্যক্ষ সাক্ষী এবং ওই কথোপকথনে ইলিয়াস আলীকে অপহরণের (সাংকেতিক শব্দ ‘গলফ’) বিষয়ে স্পষ্ট স্বীকারোক্তি রয়েছে।
সর্বোচ্চ শাস্তির দাবি: এর আগে মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসানের মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল। রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছে। পাশাপাশি দল হিসেবে ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি।



