টানা ২ দফা কমানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম এদিন সকাল ১০টা থেকেই কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে স্বর্ণালঙ্কারের ভ্যাটসহ দাম নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের নতুন মূল্যতালিকা:
- ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা
- ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা
- ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা
- সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা
বাজুস জানায়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।



