নিম্নস্তরের সিগারেটের দাম বেড়ে ৬৫ টাকা, বাকিগুলোর দাম কত বাড়ল

৮ সেপ্টেম্বর ২০২৬

দেশে নিম্নমানের বা তুলনামূলক কমদামি প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম ৬৫ টাকা নির্ধারণের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন এই সিদ্ধান্তের ফলে নিম্নস্তরের প্যাকেটে আরও ৩ টাকা বাড়লেও অন্যান্য স্তরের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

একনজরে ৪ স্তরের সিগারেটের বর্তমান মূল্য তালিকা:

  • নিম্নস্তর: প্রতি ১০ শলাকার প্যাকেটের মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
  • মধ্যম স্তর: প্রতি ১০ শলাকা ৯২ টাকা বহাল রয়েছে।
  • উচ্চ স্তর: প্রতি ১০ শলাকা ১৬০ টাকা বহাল রয়েছে।
  • প্রিমিয়াম স্তর: প্রতি ১০ শলাকা ২১০ টাকা ও তদূর্ধ্ব বহাল রাখা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিম্নস্তরের তামাকজাত পণ্যের অবৈধ বাণিজ্য প্রতিরোধ এবং তামাক খাত থেকে রাজস্ব ঘাটতি কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ।

একই বৈঠকে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে আগামী ১৮০ দিনের জন্য ব্যাপক শুল্ক-কর ছাড়ের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বিনিয়োগ সুরক্ষা ও সম্প্রসারণে ১০ বছর মেয়াদি একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদিত হয়।

সর্বশেষ