নবম পে স্কেলে পেনশন বাড়ছে শতভাগ

৮ সেপ্টেম্বর ২০২৬

নবম জাতীয় বেতন কাঠামোয় অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশনের পরিমাণে বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম ভাতা পাওয়া ব্যক্তিদের আর্থিক স্বস্তি দিতে নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হচ্ছে। তবে পেনশনের পরিমাণভেদে এই বৃদ্ধির হার সবার ক্ষেত্রে সমান হচ্ছে না।

অর্থ বিভাগের একটি সূত্রে জানা গেছে, যেসব অবসরপ্রাপ্ত কর্মীর বর্তমান পেনশনের অঙ্ক কম, তাদের ক্ষেত্রে বৃদ্ধির হার হবে বেশি। অন্যদিকে যাদের পেনশন তুলনামূলকভাবে বেশি, তাদের বৃদ্ধির হার অপেক্ষাকৃত কম রাখা হচ্ছে।

একনজরে পেনশন বৃদ্ধির হার:

  • ৯,০০০ টাকা পর্যন্ত (কম পেনশনভোগী): সর্বোচ্চ ১০০% বৃদ্ধি।
  • প্রদেয় পেনশন যত বেশি: বৃদ্ধির হার তত কম।

তবে সরকারের বহুল আলোচিত নির্বাচনী প্রতিশ্রুতি ‘এক পদ এক পেনশন’ বা ‘এক গ্রেড এক পেনশন’ (ওআরওপি) এখনই পূর্ণাঙ্গভাবে চালু করা হচ্ছে না। সামরিক ও বেসামরিক উভয় খাতের জন্য এটি ২০৩০ সালের মধ্যে ধাপে ধাপে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

মূলত ভিন্ন ভিন্ন সময়ে একই পদ বা স্কেল থেকে অবসরে যাওয়া কর্মচারীদের ভাতা বৈষম্য দূর করতেই ওআরওপি নীতি গ্রহণের কথা বলা হয়েছিল। বিদ্যমান ব্যবস্থার কারণে আগে অবসরে যাওয়া কর্মীরা নতুন অবসরপ্রাপ্তদের তুলনায় বেশ কম ভাতা পাচ্ছেন। নতুন এ ব্যবস্থা পুরোপুরি চালু হলে একই পদবী ও স্কেলের কর্মচারীদের পেনশনের এই ব্যবধান অনেকাংশে কমে আসবে।

একযোগে ওআরওপি বাস্তবায়ন না করার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানান, সামরিক ও বেসামরিক উভয় বিভাগে এটি একসঙ্গে কার্যকর করা উচিত হলেও এর জন্য বিপুল পরিমাণ অর্থ সংস্থানের প্রয়োজন রয়েছে। পাশাপাশি ২০১৯ সালের আগে অবসরে যাওয়া বেসামরিক কর্মচারীদের প্রয়োজনীয় তথ্যের অভাব রয়েছে। এসব বাস্তবতার কারণেই ২০৩০ মেয়াদের মধ্যে ধাপে ধাপে এটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ