রমজান মাসে সাহরি ও ইফতারে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা অত্যন্ত জরুরি। এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের ডায়েটিশিয়ান নাঈমা রুবী ইফতারকে পুষ্টির প্রধান উৎস করার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তিনি জানান সঠিকভাবে রোজা পালন করলে এটি শরীরের জন্য প্রাকৃতিক মেটাবলিক রিসেট হিসেবে কাজ করে যা ওজন নিয়ন্ত্রণ ও রক্তে শর্করা স্থিতিশীল রাখতে সহায়ক।
পুষ্টিবিদ নাঈমা রুবী ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া ও সাদা চিনির ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে সতর্ক করেছেন। উচ্চ গ্লাইসেমিক ইনডেক্স সমৃদ্ধ খাবার রক্তে শর্করা দ্রুত বাড়িয়ে দেয় যা পরবর্তীতে দুর্বলতা ও ক্ষুধা তৈরি করে। এছাড়া অতিরিক্ত তেল-মশলা জাতীয় খাবার হজমে সমস্যা ও অ্যাসিডিটির সৃষ্টি করে। সুস্থ থাকার জন্য তিনি ইফতার শুরু করতে ১ থেকে ২টি খেজুর ও পানি ব্যবহারের পরামর্শ দেন। সেই সাথে ভাজাপোড়া কমিয়ে খাদ্যতালিকায় ছোলা, ডাল, দই, ফল ও সবজির পরিমাণ বাড়ানোর কথা বলেন। পর্যাপ্ত পানি পান করা এবং সাহরিতে লাল চাল বা ওটসের মতো জটিল কার্বোহাইড্রেট ও প্রোটিন রাখার মাধ্যমে দিনের কর্মক্ষমতা বজায় রাখা সম্ভব। রমজানে সুস্থ থাকতে প্রতিদিন অন্তত ৬ থেকে ৭ ঘণ্টা ঘুম নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।



