শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি কত দিন? 

৮ মে ২০২৬

আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ ছুটি শুরু হতে যাচ্ছে। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী, এবার স্কুল ও কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় ২১ দিনের ছুটি থাকবে।

স্কুল ও কলেজের ছুটির সময়সূচী: শিক্ষাপঞ্জি অনুযায়ী, দেশের প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হবে আগামী ২৪ মে থেকে, যা চলবে ৪ জুন পর্যন্ত। এই ১২ দিন ছুটির সঙ্গে আগে-পরের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে শিক্ষার্থীরা মোট ১৬ দিনের অবকাশ পাবেন। কলেজের ক্ষেত্রেও ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দকৃত ১২ দিনের ছুটির সাথে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট ১৬ দিনের ছুটি থাকবে।

মাদ্রাসার ছুটির সময়সূচী: মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ছুটির মেয়াদ আরও দীর্ঘ। সেখানে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। সাপ্তাহিক ছুটির হিসাব মিলিয়ে মাদ্রাসায় টানা ২১ দিনের অবকাশ থাকছে।

সরকারি কর্মকর্তাদের ৭ দিনের ছুটি: বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিনের ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এই ছুটি কার্যকর থাকবে। তবে ছুটির সমন্বয় করতে গিয়ে ২৩ মে (শনিবার) সরকারি চাকরিজীবীদের অফিস করতে হবে।

ঈদের সম্ভাব্য তারিখ: জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী, আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। তবে সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামী ১৮ মে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। চাঁদ দেখা সাপেক্ষে ছুটির সূচিতে সামান্য পরিবর্তন আসার সম্ভাবনা থাকলেও আপাতত এই দীর্ঘ ছুটির প্রস্তুতিই চলছে।

সর্বশেষ