২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সারাদেশের জন্য বড় দুঃসংবাদ

৩ মে ২০২৬

মে মাসজুড়ে দেশের আবহাওয়া চরমভাবাপন্ন থাকতে পারে বলে বড় পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা, অন্যদিকে তীব্র তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়ের কবলে পড়তে পারে দেশ। রোববার (৩ মে) অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় ও লঘুচাপের আভাস দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি মে মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।

তীব্র তাপপ্রবাহের সতর্কতা এ মাসে দেশে ১ থেকে ৩টি মৃদু (৩৬-৩৭.৯°সে) থেকে মাঝারি (৩৮-৩৯.৯°সে) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া মাসের কোনো এক সময়ে দেশের ওপর দিয়ে অন্তত একটি তীব্র তাপপ্রবাহ (৪০-৪১.৯°সে) বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

বৃষ্টিপাত ও কালবৈশাখী আগামী অন্তত ৫ দিন দেশজুড়ে ঝড়-বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি ৫-৮ দিন শিলাসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ২-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামী ৫ দিনের আবহাওয়ার হাইলাইটস:

  • ৪ মে: সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।
  • ৫ মে: বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
  • ৬ ও ৭ মে: বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে এবং সারাদেশের তাপমাত্রা ধাপে ধাপে বৃদ্ধি পেতে শুরু করবে।

নদ-নদীর অবস্থা দেশের প্রধান নদ-নদীগুলোর প্রবাহ স্বাভাবিক থাকলেও উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি বিশেষ সময়ে বিচ্ছিন্ন ভারী বৃষ্টির কারণে বৃদ্ধি পেতে পারে। মে মাসের এই প্রতিকূল আবহাওয়ায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সর্বশেষ