আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) সারা দেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উদযাপিত হবে। দিনটি নিয়ে অনেকের মনেই ছুটি বিষয়ে প্রশ্ন রয়েছে। সরকারি ছুটির তালিকায় এটি ঠিক কোন ক্যাটাগরিতে পড়ে এবং কারা এই ছুটি পাবেন, তা নিয়ে বিস্তারিত তুলে ধরা হলো—
এটি কী ধরনের ছুটি? সরকারি ক্যালেন্ডার অনুযায়ী ফাতেহা-ই-ইয়াজদাহম মূলত একটি ঐচ্ছিক ছুটি (মুসলিম পর্ব)। তবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক শিক্ষাপঞ্জি বা ছুটির তালিকা অনুযায়ী দিনটি সরাসরি ছুটি হিসেবে নির্ধারিত থাকে।
কারা ছুটি পাবেন? দেশের সকল স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মচারীরা এই ছুটি পাবেন। শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের সব ধরনের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
এ ছাড়া জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এর অধীন ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) বোর্ড, ময়মনসিংহ ছুটির তারিখ পুনর্নির্ধারণ করেছে। দেশের পিটিআইসমূহে পূর্বনির্ধারিত ২৪ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২৩ সেপ্টেম্বর ছুটি পালন করা হবে।
যাঁদের ছুটি নেই সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এটি কোনো সাধারণ বা সরকারি ছুটি নয়; দিনটি তাঁদের জন্য নিয়মিত কর্মদিবস হিসেবে গণ্য হবে। তবে সরকারি কর্মজীবীরা চাইলে কর্তৃপক্ষের অনুমোদনসাপেক্ষে এটি ‘ঐচ্ছিক ছুটি’ হিসেবে গ্রহণ করতে পারবেন।
অন্যদিকে ব্যাংক, বীমা, কর্পোরেট অফিসসহ বিভিন্ন বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে যথারীতি স্বাভাবিক কার্যক্রম চালু থাকবে।



