৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এবার গ্রিনল্যান্ডে মার্কিন যুদ্ধবিমান পাঠালেন ট্রাম্প

২০ জানুয়ারি ২০২৬

গ্রিনল্যান্ডকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ ও চাপের মধ্যেই স্বায়ত্তশাসিত এই ডেনিশ অঞ্চলে যুদ্ধবিমান পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক জোট নোর্যাড।

উত্তর আমেরিকার মহাকাশ প্রতিরক্ষা কমান্ড (নোর্যাড) সোমবার (১৯ জানুয়ারি) জানায়, গ্রিনল্যান্ডের পিটুফিক স্পেস বেসে শিগগিরই মার্কিন যুদ্ধবিমান মোতায়েন করা হবে। আনাদোলু এজেন্সির বরাতে এ তথ্য জানানো হয়েছে।

নোর্যাড বলছে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র, কানাডা ও ডেনমার্কের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার অংশ। মোতায়েনের বিষয়টি ডেনমার্ক সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই করা হচ্ছে এবং গ্রিনল্যান্ডের স্থানীয় কর্তৃপক্ষকেও আগে থেকেই অবহিত করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, উত্তর আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই বিমানগুলো উত্তর-পশ্চিম গ্রিনল্যান্ডে অবস্থান নেবে। এ এলাকাটি আগে থুলে এয়ার বেস নামে পরিচিত ছিল, যা বর্তমানে পিটুফিক স্পেস বেস হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ কেন্দ্র।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই গ্রিনল্যান্ডের বিপুল খনিজ সম্পদ এবং সেখানে রাশিয়া ও চীনের প্রভাব বৃদ্ধির প্রসঙ্গ তুলে অঞ্চলটি কেনার আগ্রহ প্রকাশ করে আসছেন। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড সরকার একাধিকবার এই প্রস্তাব নাকচ করে দিয়ে তাদের সার্বভৌমত্বের বিষয়টি স্পষ্ট করেছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, নোর্যাড চুক্তির আওতায় গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করার যথেষ্ট ব্যবস্থা আগে থেকেই রয়েছে। সে কারণে ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার আগ্রহকে অনেকেই ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের কৌশল হিসেবেই দেখছেন।

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬