২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে যুবককে হত্যা করে মরদেহ টুকরো করে খালে ও ডাস্টবিনে নিক্ষেপ, আটক ৪

২৪ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামে এক যুবককে নৃশংসভাবে হ’ত্যার পর মরদেহ গুম করতে কেটে টুকরো টুকরো করে নগরের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেলে নগরের অক্সিজেন মোড়ের শীতলঝর্ণা খাল থেকে নিহতের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে নগরের বিভিন্ন এলাকা থেকে শরীরের অন্যান্য অংশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম মো. আনিস (৩৮), তিনি রাউজান উপজেলার চিকদাইর গ্রামের বাসিন্দা।

তদন্ত ও স্বজনদের সূত্রে জানা গেছে, এক নারীর সঙ্গে আনিসের বিয়ে বহির্ভূত সম্পর্ক ছিল। চিকিৎসার জন্য জমানো প্রায় তিন লাখ টাকা ওই নারীর কাছে গচ্ছিত রেখেছিলেন আনিস। সেই টাকা ফেরত চাইতে গেলে মনোমালিন্যের সৃষ্টি হয় এবং একপর্যায়ে তাকে ডেকে নিয়ে হ’ত্যা করা হয়। তবে আটক ওই নারীর দাবি, আনিস তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করায় তাকে হ’ত্যা করা হয়েছে। এই ঘটনায় পুলিশ সংশ্লিষ্ট নারী, তাঁর দুই ভাই এবং এক ভাতিজাকে আটক করেছে।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাতে বায়েজিদ বোস্তামি থানা এলাকায় পলিথিনে মোড়ানো দুটি বিচ্ছিন্ন হাত উদ্ধারের পর আঙুলের ছাপের মাধ্যমে আনিসের পরিচয় নিশ্চিত করে পুলিশ। এরপর আটককৃতদের দেওয়া তথ্যানুযায়ী বায়েজিদ ও অক্সিজেন এলাকার বিভিন্ন স্থান থেকে আনিসের শরীরের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়। আনিস দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং ওই নারীর বাবার বাড়িতে তাঁর যাতায়াত ছিল। বায়েজিদ বোস্তামী থানা পুলিশ জানিয়েছে, মরদেহের প্রায় সব অংশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

সর্বশেষ