২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সমাবেশ মঞ্চে তারেক রহমান, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাজ করার আহ্বান

২৭ জানুয়ারি ২০২৬

ময়মনসিংহ বিভাগে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারের পঞ্চম দিনে এটি ঢাকার বাইরে তার তৃতীয় জনসভা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে এই নির্বাচনী সমাবেশের আয়োজন করা হয়। বিকেল ৪টা ৩ মিনিটে তিনি সমাবেশের মঞ্চে উপস্থিত হন। দলীয় সূত্রে জানানো হয়েছিল, দুপুর ২টা ৩০ মিনিটে তার বক্তব্য দেওয়ার কথা ছিল।

মঞ্চে ওঠার আগে তারেক রহমান সমাবেশস্থলের পাশে জুলাই আন্দোলনে আহতদের এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন।

এর আগে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা নানা স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান। ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ ও ‘আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান’—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। ময়মনসিংহ জেলা বিএনপির পক্ষ থেকে তাকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মঞ্চে ওঠার পর স্থানীয় নেতারা তারেক রহমানের কাছে তারাকান্দাকে পৌরসভায় উন্নীত করার দাবি উত্থাপন করেন।

তারেক রহমানের বক্তব্যের আগে ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীরা সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় বক্তব্য রাখেন ইকবাল হোসেন, সুলতানা আহমেদ বাবু, মোতায়ের হোসেন বাবু, মাহমুদুল হক, ফরিদুল কবির তালুকদার, সিরাজুল হক, মাহবুব রহমান লিটন, মোস্তাফিজুর রহমান বাবলু ও লৎফুরজ্জামান বাবর।

প্রার্থীরা বক্তব্যে নিজেদের মধ্যে সব ধরনের দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করার আহ্বান জানান। তারা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল—‘নৌকা গেছে ভারতে, ধানের শীষ গদিতে’।

লৎফুরজ্জামান বাবর বলেন, ময়মনসিংহ বিভাগের ২৪টি আসন বিএনপির চেয়ারপারসন তারেক রহমানকে উপহার দিতে চান তারা এবং ভবিষ্যতে তাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে আগ্রহী।

সমাবেশস্থলে দেখা যায়, উপস্থিত নেতাকর্মীদের বড় একটি অংশ মধ্যবয়সী। অনেকেই জানান, এর আগেও তারা একই মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাবেশে অংশ নিয়েছিলেন।

সর্বশেষ