৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদপুরে উপজেলা ও পৌর যুবদলের কমিটি বিলুপ্ত

২৯ জানুয়ারি ২০২৬

চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের সাংগঠনিক কমিটি বিলুপ্ত করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির বিষয়টি জানানো হয়। বুধবার (২৮ জানুয়ারি) রাতে চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নরুল আমিন খান আকাশ বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে ফরিদগঞ্জ উপজেলা যুবদল ও ফরিদগঞ্জ পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা এবং নির্বাচনী তৎপরতায় সক্রিয় ভূমিকা না রাখার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে জানানো হয়, বিলুপ্ত কমিটির স্থলে দ্রুত নতুন কমিটি গঠনের বিষয়ে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নরুল আমিন খান আকাশ বলেন, জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা দলীয় প্রতীক ধানের শীষের পক্ষে প্রত্যাশিত ভূমিকা না রাখায় কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যবস্থা গ্রহণ করেছে।

এর আগে চলমান নির্বাচনকে কেন্দ্র করে গত শনিবার (২৭ ডিসেম্বর) চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদগঞ্জ উপজেলায় বিএনপির সব সাংগঠনিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

ওই বিজ্ঞপ্তিতে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সব কমিটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং পরবর্তীতে নতুন কমিটি গঠনের কথা জানানো হয়।

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬