চট্টগ্রামের সীতাকুণ্ড ইকোপার্কে গলায় ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার হওয়া শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার (৩ মার্চ) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। শিশুটির চাচা মো. রমিজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রোববার সকালে সীতাকুণ্ড ইকোপার্কের ভেতর থেকে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করেছিলেন সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা।
উদ্ধারের পর শিশুটিকে দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং ওই রাতেই তার মা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে, নিহত শিশুটির বাড়ি কুমিরা ইউনিয়নের মছজিদদা এলাকায়, যা ঘটনাস্থল থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে। এত ছোট একটি শিশু কীভাবে একা ইকোপার্কের গহীনে পৌঁছাল অথবা তাকে পরিকল্পিতভাবে অপহরণ করে সেখানে নিয়ে যাওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।



