বিপিএলের দ্বাদশ আসর শুরুর আগে আর্থিক সংকটে দল প্রত্যাহারের আবেদন করেছিল চট্টগ্রাম রয়্যালস। পরে বিসিবি দলটির দায়িত্ব নেয় এবং নতুন কোচিং স্টাফ ও ম্যানেজমেন্ট গঠন করে। অনিশ্চয়তার সেই দলটাই এখন রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছেছে।
ব্যাটিং কোচ তুষার ইমরান বলেন, কাগজে-কলমে শক্তিশালী অনেক দল বাদ পড়লেও খেলোয়াড়দের চেষ্টায় চট্টগ্রাম ফাইনালে উঠেছে। সহকারী কোচ মুমিনুল হক জানান, স্থানীয় খেলোয়াড়দের ওপর বিশ্বাস এবং বিদেশি ক্রিকেটারদের সঠিক ব্যবহারই সাফল্যের মূল চাবিকাঠি।
টিম ডিরেক্টর হাবিবুল বাশার বলেন, শুরুতে লক্ষ্য ছিল সম্মানের সঙ্গে টুর্নামেন্ট শেষ করা, ফাইনালে ওঠা এখন বড় অর্জন। ম্যানেজার নাফিস ইকবাল জানান, শেষ মুহূর্তে দায়িত্ব নিয়ে নানা সংকট সামলেও দলকে গুছিয়ে তোলা সম্ভব হয়েছে।
প্রধান কোচ মিজানুর রহমান বাবুলের মতে, সব কৃতিত্ব ক্রিকেটারদের। তার কাজ ছিল দলকে ঐক্যবদ্ধ রাখা। অভিভাবকহীন শুরু হলেও চট্টগ্রাম এখন শিরোপার লড়াইয়ে।



