র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বাহিনীটির নতুন নাম নির্ধারণ করা হয়েছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ (এসআইএফ)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার অনুমোদনের মাধ্যমে আজ থেকেই র্যাব নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ হিসেবে পরিচিত হবে। আনুষ্ঠানিক আদেশ জারির পর এ নামেই বাহিনীর কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে বাহিনীর পোশাকেও পরিবর্তন আনা হচ্ছে। সম্ভবত আগামী সপ্তাহ থেকেই সদস্যদের নতুন পোশাকে দেখা যাবে।
তিনি আরও জানান, গত দেড় বছরে বাহিনীটির কার্যক্রম ও পেশাদারিত্বে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল থেকে র্যাবের নাম পরিবর্তনের দাবি উঠছিল। সেই প্রত্যাশার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তাদের কিছু উদ্বেগের কথা জানিয়েছে। তবে বর্তমানে পুলিশের মনোবল ও সক্ষমতা আগের চেয়ে অনেক বেশি। ফলে আসন্ন নির্বাচনে কোনো ধরনের সমস্যা হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, “আল্লাহর রহমতে নির্বাচন অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হবে। এতে সন্দেহের কোনো কারণ নেই। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর।”



