জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ লক্ষ্যে এলাকায় বিশেষ ফুট প্যাট্রোল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেডের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বসিলা ও শেরেবাংলা সেনা ক্যাম্পের সদস্যরা রায়েরবাজার ও আদাবর এলাকার বিভিন্ন আবাসিক অঞ্চলে টহল কার্যক্রম পরিচালনা করেন।
বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকা এবং সম্ভাব্য ভোটকেন্দ্রের আশপাশে সেনাবাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো নির্বাচনের আগে যেকোনো ধরনের অপরাধ, নাশকতা বা বিশৃঙ্খলা রোধ করা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি জোরদার করা, যাতে ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
ফুট প্যাট্রোল চলাকালে সেনাসদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কঠোর অবস্থানের কথা জানান। এতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানান সংশ্লিষ্টরা।
স্থানীয়দের ভাষ্য, সেনাবাহিনীর সক্রিয় উপস্থিতির কারণে তারা নিজেদের আরও নিরাপদ মনে করছেন এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদী।
সেনাবাহিনীর ওই কর্মকর্তা আরও জানান, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত দিন ও রাত—উভয় সময়েই এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোনো ধরনের অবৈধ তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।



