মার্চের শেষ দিকে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে দুশ্চিন্তায় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই সময়ের আগেই চোটের কারণে মাঠের বাইরে চলে গেছেন ইংল্যান্ড প্রবাসী তারকা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তার কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পান লেস্টার সিটির এই ফুটবলার। গুরুতর চোটের কারণে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচ শেষে লেস্টার সিটির অন্তর্বর্তীকালীন কোচ অ্যান্ডি কিং জানান, খুব শিগগিরই হামজাকে মাঠে ফেরানো সম্ভব হবে বলে তারা মনে করছেন না। তার হাঁটুর অবস্থা জানতে স্ক্যান করানো হবে।
এদিকে বিভিন্ন আন্তর্জাতিক ফুটবলবিষয়ক ওয়েবসাইটের তথ্যমতে, হামজা এমসিএল ইনজুরিতে ভুগছেন। এ ধরনের চোটে সাধারণত ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয়। তবে স্বস্তির বিষয় হলো, আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন পড়ছে না বলেই জানা গেছে। লেস্টার সিটির চুক্তিবদ্ধ খেলোয়াড় হিসেবে হামজার চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়টি ক্লাবই তত্ত্বাবধান করবে। পাশাপাশি তার অবস্থা নিয়মিত পর্যবেক্ষণে রাখবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন হামজা। জাতীয় দলে ২৬ বছর বয়সী এই মিডফিল্ডারের উপস্থিতি দলের মাঝমাঠে বাড়তি গতি ও আত্মবিশ্বাস এনে দেয়। আগামী ২৬ ও ৩১ মার্চ বাংলাদেশের দুটি ম্যাচ রয়েছে—এর মধ্যে ভিয়েতনামের বিপক্ষে একটি সম্ভাব্য প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। এসব ম্যাচে হামজাকে পাওয়ার আশায় থাকবে বাফুফে। যদিও বাংলাদেশ ইতোমধ্যেই এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিশ্চিত করেছে।



