সংগঠনের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ কর্মীদের ওপর হামলার প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে সংগঠনের ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়।
কর্মসূচি ও স্থান ঘোষণা অনুযায়ী, পুলিশি হামলার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে চট্টগ্রামের বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবেন নেতাকর্মীরা।
হামলার প্রেক্ষাপট জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা বিকেলে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে যাত্রা শুরু করেন। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তারা এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
আহতদের অবস্থা ইনকিলাব মঞ্চের দাবি অনুযায়ী, পুলিশের এই অ্যাকশনে সদস্যসচিব জাবের গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া ডাকসু নেত্রী জুমা ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারসহ বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।
তবে হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের মধ্যে কেউ গুলিবিদ্ধ নন।



