রাজধানীতে নারী যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে চালু হচ্ছে বিশেষায়িত ‘পিংক বাস’। প্রাথমিক পর্যায়ে গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে যুক্ত করে ১০টি রুটে মোট ১০টি বাস চলাচল করবে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব বাসের চালক এবং কন্ডাক্টর হিসেবেও নিয়োজিত থাকবেন নারীরাই। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিরতিহীনভাবে এ বাসসেবা চালু থাকবে।
ঢাকার পাশাপাশি বগুড়া ও চট্টগ্রামেও পরীক্ষামূলকভাবে দুটি করে ‘পিংক বাস’ চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, রাজধানীর প্রধান প্রধান আবাসিক এলাকা, কর্মস্থল ও প্রধান পরিবহনকেন্দ্রগুলোকে সংযুক্ত করে এই রুটগুলো তৈরি করা হয়েছে।
যে ১০টি রুটে চলবে পিংক বাস:
- নতুন বাজার থেকে মতিঝিল: কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্যবাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল।
- তালতলা থেকে মতিঝিল: তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয়।
- ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও: ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড় (সায়েদাবাদ), ওয়ারি (বলধা গার্ডেন), গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন।
- মিরপুর ১০ থেকে মতিঝিল: মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ, পল্টন ও মতিঝিল।
- মিরপুর থেকে মতিঝিল (শ্যামলী-ফার্মগেট হয়ে): মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান ও মতিঝিল।
- মিরপুর ১২ থেকে মতিঝিল (কাজীপাড়া-শেওড়াপাড়া হয়ে): মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিল।
- নারায়ণগঞ্জ থেকে ঢাকা: চাষাঢ়া, শিবু মার্কেট, স্টেডিয়াম, জালকুড়ি, ভূঁইঘর, সাইনবোর্ড, রায়েরবাগ, শনির আখড়া, টিকাটুলি, গুলিস্তান ও মতিঝিল।
- মোহাম্মদপুর থেকে মতিঝিল: মোহাম্মদপুর, শঙ্কর, ধানমন্ডি-১৫, সিটি কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ, পল্টন, মতিঝিল ও কমলাপুর।
- আব্দুল্লাহপুর থেকে মতিঝিল: আব্দুল্লাহপুর, আজমপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুর্মিটোলা, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, গুলিস্তান ও মতিঝিল।
- গাজীপুর থেকে বিমানবন্দর: গাজীপুর শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, মালেকের বাড়ি, বোর্ডবাজার, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আব্দুল্লাহপুর, আজমপুর ও বিমানবন্দর।
নারীদের নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু হওয়ায় গণপরিবহনে নারীদের প্রতি যেকোনো ধরনের হেনস্থা কমবে এবং কর্মজীবী ও সাধারণ নারী যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা।



