জাতীয় পরিচয়পত্র নিবন্ধনে স্বচ্ছতা আনতে এবং জালিয়াতি রোধে নতুন দুটি পরিকল্পনা গ্রহণ করছে নির্বাচন কমিশন। এখন থেকে এনআইডিতে ব্যক্তির মূল নামের পাশাপাশি ডাক নাম যোগ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার কোনো বিশিষ্ট বা সম্মানিত ব্যক্তির সুপারিশ বাধ্যতামূলক করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান অনেক সময় অপরাধীরা পরিচয় গোপন করে এনআইডি তৈরি করে। ডাক নাম যুক্ত করা হলে নাগরিক শনাক্তকরণ প্রক্রিয়া আরও নির্ভুল হবে এবং পরিচয় লুকানো কঠিন হবে। এছাড়া বিদেশি বা রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে নিবন্ধন ফরমে এলাকার পরিচিত কোনো ব্যক্তির সুপারিশের জন্য বিশেষ ঘর রাখা হচ্ছে। এর ফলে স্থানীয় প্রতিনিধিরাই যাচাই করতে পারবেন আবেদনকারী ওই এলাকার বাসিন্দা কি না। বর্তমানে এনআইডিতে ডাক নাম বিস্তারিতভাবে থাকে না তবে এই পরিবর্তনের ফলে ডাটাবেজ আরও সমৃদ্ধ হবে এবং ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আরও স্বচ্ছ হবে বলে আশা করছে ইসি।



