চট্টগ্রাম-১৩ আসন (আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা) থেকে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম আগামী ১২ তারিখ পর্যন্ত এলাকায় চাঁদাবাজি বন্ধ রাখার জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী বাজারে একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সংক্রান্ত প্রায় ৫৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, সরওয়ার জামাল নিজাম বলেন, চাতুরী এলাকা আনোয়ারার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানকার ব্যবসা ও মানুষের আয়ের ওপর পুরো অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রম নির্ভর করে। তিনি অভিযোগ করেন, এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও বিশৃঙ্খলার কারণে ব্যবসায়ী ও সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
এ সময় তিনি দুই হাত জোড় করে অনুরোধ জানিয়ে বলেন, “আমি আপনাদের কাছে অনুরোধ করছি, অন্তত ১২ তারিখ পর্যন্ত যেন কোনো ধরনের চাঁদাবাজি না হয়।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এ বিষয়ে বক্তব্য জানতে সরওয়ার জামাল নিজামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।



