ভারতে আয়োজিত আন্তর্জাতিক নৌ মহড়া মিলান ২০২৬-এ বাংলাদেশসহ বিশ্বের ৭০টির বেশি দেশের নৌবাহিনী অংশ নিয়েছে। বুধবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এই বিশাল নৌ মহড়া অনুষ্ঠিত হয় যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান এই মহড়ায় অংশ নিতে গত সোমবার বিশাখাপত্তনম বন্দরে পৌঁছায়। বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া শ্রীলঙ্কা থাইল্যান্ড ইন্দোনেশিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ বন্ধুরাষ্ট্রগুলো তাদের যুদ্ধজাহাজ নিয়ে এই মিলনমেলায় যোগ দেয়।
মহড়া চলাকালীন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন যে এই আয়োজন বিভিন্ন দেশের সামুদ্রিক ঐতিহ্যের প্রতি আস্থা ও ঐক্যের প্রতিফলন। তিনি সম্মিলিত নৌ শক্তির এই সংকল্পকে বিশ্ব সম্প্রদায়ের কাছে একটি ইতিবাচক বার্তা হিসেবে অভিহিত করেন। মহড়ায় ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে আইএনএস বিক্রান্ত প্রতিনিধিত্ব করে। ভারতের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশ্ব পরিবার নীতি এবং সমুদ্রে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার এই মহড়ার মাধ্যমে পুনঃব্যক্ত করা হয়েছে।



