বুটজোড়া তুলে রাখার আগেই ক্লাবের মালিক বনে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। স্প্যানিশ ক্লাব আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা কিনে নিয়েছেন এই ফুটবল তারকা। ক্লাবটির মূল মালিক সৌদি বিনিয়োগ গ্রুপ এসএমই। ২০২৪ সালের ডিসেম্বরে দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইউরোপের একটি ফুটবল ক্লাবের মালিক হওয়ার যে ইচ্ছা রোনালদো প্রকাশ করেছিলেন মাত্র ১৪ মাসের মাথায় তা সত্যি হলো। এখন থেকে স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব আলমেরিয়ার সহ-মালিক হিসেবে পরিচিত হবেন সিআরসেভেন।
ক্রিশ্চিয়ানো রোনালদো জানান যে মাঠের বাইরে ফুটবলের প্রতি অবদান রাখা তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল এবং আলমেরিয়ার উন্নতির প্রচুর সম্ভাবনা থাকায় তিনি ক্লাবটিকে শীর্ষ পর্যায়ে নিতে সব ধরনের সাহায্যের জন্য প্রস্তুত। আলমেরিয়ার সভাপতি আল খোয়েরেজমি বলেন যে স্প্যানিশ লিগ সম্পর্কে রোনালদোর গভীর জ্ঞান রয়েছে এবং তিনি ক্লাবের যুব একাডেমি ও দল নিয়ে তাদের পরিকল্পনা অনুধাবন করতে পেরেছেন। উল্লেখ্য যে ২০১৬ সালে হোটেল ব্যবসার মাধ্যমে যাত্রা শুরু করা রোনালদো বর্তমানে খাবার পানি সুগন্ধি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিক জিম ও ফুটওয়ারসহ নানা খাতে বিনিয়োগ করেছেন।



