৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

যদি পরিবর্তন চান, সংস্কার চান তাহলে হ্যাঁ ভোট দিন : তথ্য উপদেষ্টা

১৫ জানুয়ারি ২০২৬

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সরকার গণভোটের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্টভাবে জনগণের সামনে তুলে ধরবে। তিনি বলেন, যারা পরিবর্তন ও সংস্কার চান, তাদের গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উপদেষ্টা জানান, ‘হ্যাঁ’ ভোট দিলে জনগণ কী কী সুবিধা পাবে, সেটি সরকার তুলে ধরছে। একইভাবে ‘না’ ভোট দিলে কী কী পাওয়া যাবে না, সেটিও জানানো হচ্ছে। কেউ যদি ‘না’ ভোটের পক্ষে প্রচার চালাতে চায়, সেটি তার নিজ দলের সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি।

নির্বাচন ও গণভোট প্রসঙ্গে উপদেষ্টা আবারও বলেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি অভিযোগ করেন, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পরিকল্পিতভাবে নানা সংশয় ছড়ানো হচ্ছে—বিশেষ করে নির্বাচন অনুষ্ঠিত হবে কি না এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এসব প্রচারণাকে তিনি উদ্দেশ্যপ্রণোদিত কৌশলের অংশ বলে মন্তব্য করেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশের মানুষ সচেতন। এ ধরনের প্রচারণার মাধ্যমে তাদের বিভ্রান্ত করা সম্ভব নয়। তিনি আশা প্রকাশ করেন, জনগণ সাধারণ নির্বাচন ও গণভোট—দুটিতেই অংশ নিয়ে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবেন।

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে ওঠা অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, অভিযোগ ওঠা অস্বাভাবিক নয়। কেউ যদি মনে করে তার এলাকায় অনিয়ম হচ্ছে, তাহলে নির্বাচন কমিশনকে জানাতে পারে। নির্বাচন কমিশনের আইনেই এ ধরনের অভিযোগ নিষ্পত্তির বিধান রয়েছে।

তিনি আরও বলেন, দেশের সব ৩০০ আসনে একই ধরনের অভিযোগ নেই। এক বা দুই জায়গায় যদি এমন ঘটনা ঘটে থাকে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। অভিযোগ জানানোর পরও যদি প্রতিকার না পাওয়া যায়, তখন সেটি ভিন্নভাবে বিবেচনার বিষয় হবে।

সর্বশেষ

৩ ফেব্রুয়ারি ২০২৬