পাকিস্তান ও আফগানিস্তান বাহিনীর মধ্যে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংঘাত এক ভয়াবহ রূপ নিয়েছে। আফগানিস্তানের তালেবান সরকার দাবি করেছে যে সীমান্ত এলাকায় তাদের পাল্টা হামলায় ৫৫ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে এবং অনেক সেনাকে আটক করা হয়েছে। তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাত ১২টায় উপ-আমিরের নির্দেশে এই হামলা সাময়িকভাবে বন্ধ করা হয়। তবে নিজেদের সেনা হতাহতের বিষয়ে পাকিস্তান এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
আফগান শহরগুলোতে পাকিস্তানের বিমান হামলার পর তালেবান বাহিনী পাকিস্তানি সেনাদের ওপর চড়াও হলে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগান সরকারের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেন। তিনি সামাজিক মাধ্যমে জানান যে পাকিস্তান পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ কূটনৈতিক চেষ্টা করলেও এখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। অন্যদিকে পাকিস্তান কর্তৃপক্ষ দাবি করেছে যে আফগানিস্তানের কাবুল কান্দাহার ও পাকতিকায় তাদের চালানো পাল্টা হামলায় ১৩৩ জন আফগান যোদ্ধা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে। তবে আফগান কর্তৃপক্ষ তাদের পক্ষে কোনো হতাহতের খবর নিশ্চিত করেনি। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে প্রথমে আক্রমণ করার অভিযোগ তুলে উত্তেজনা বজায় রেখেছে।



