পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক ক্রিকেট মাঠের সেঞ্চুরির চেয়ে ব্যক্তিগত জীবনের নানা অধ্যায় নিয়ে আবারও আলোচনায় এসেছেন। ইতোমধ্যে তিনবার বিয়ে করা এই তারকা এখন চতুর্থ বিয়ের গুঞ্জনে শিরোনাম হয়েছেন। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের পর ২০২৪ সালে পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছিলেন তিনি। তবে সেই সম্পর্কও এখন ভাঙনের পথে বলে গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন প্রতিবেদন দাবি করছে যে আগামীকাল ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের অভিনেত্রী ভানিজা সাত্তারের সঙ্গে চুপিসারে বিয়ে করতে যাচ্ছেন শোয়েব মালিক। তবে এ বিষয়ে তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ২০০২ সালে আয়েশা সিদ্দিকিকে বিয়ের মাধ্যমে তার বৈবাহিক জীবন শুরু হয় যা ২০১০ সালে বিচ্ছেদে রূপ নেয়। একই বছর তিনি ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে বিয়ে করেন এবং তাদের ঘরে ইজহান নামে এক পুত্রসন্তান রয়েছে। পরবর্তীতে সানা জাভেদের সঙ্গে সম্পর্কের কারণে সানিয়ার সঙ্গে তার বিচ্ছেদ হয়। এখন সানা জাভেদের সঙ্গেও তার সম্পর্কের ইতি ঘটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।


