৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফারহানকে স্বামী দাবি করে তিশার হুমকি, মারধরের অভিযোগ আরেক অভিনেত্রীর

৩ মার্চ ২০২৬

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন নাটকের আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। শুটিং চলাকালে সবার সামনে তাকে মেরে আহত করার পাশাপাশি অভিনেতা মুশফিক আর ফারহানকে নিজের ‘স্বামী’ দাবি করে অন্য অভিনেত্রীদের হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন তিনি।

মঙ্গলবার (৩ মার্চ) পরিচালক রাফাত মজুমদার রিংকুর একটি নাটকের শুটিং চলাকালে এই ঘটনা ঘটে বলে ফেসবুক লাইভে এসে জানান সামিয়া অথৈ।

শুটিং সেটে মারধরের অভিযোগ

সামিয়া অথৈ জানান, নাটকের একটি দৃশ্যে তিশাকে চড় মারার কথা ছিল। তিনি টেকনিক্যালি আলতো করে হাত লাগালেও, তিশা সিনের মধ্যে তাকে পাল্টা জোরে জোরে চড় মারেন। এতে সামিয়ার চোখ ফুলে যায় এবং কথা বলতে সমস্যা হচ্ছে বলে দাবি করেন তিনি।

এর আগের দিনের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, প্রথম দিনের শুটিংয়ে তিশা তাকে এমনভাবে মারেন যে তার হাত রক্তাক্ত হয়ে যায়। ওই সময় সেটে উপস্থিত অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও পরিচালক রিংকু বিষয়টি দেখে কারণ জানতে চেয়েছিলেন।

মুশফিক ফারহানকে নিয়ে দ্বন্দ্ব ও হুমকি

লাইভে সামিয়া আরও দাবি করেন, এর আগে যখন তিনি মুশফিক ফারহানের সঙ্গে কাজ করতেন, তখন তিশা তাকে ফোন করে হুমকি দিয়েছিলেন। সামিয়ার ভাষ্যমতে, তিশা তখন বলেছিলেন— “ফারহান আমার জামাই হয়।” সামিয়া জানান, তিশা শুধু তাকেই নয়, কেয়া পায়েলসহ আরও অনেককেই এমন হুমকি দিয়েছেন।

অপেশাদার আচরণের অভিযোগ

সর্বশেষ ঘটনার পর কারণ জানতে চাইলে তানজিন তিশা তাকে ‘অকথ্য ভাষায় গালাগালি’ করেন বলেও অভিযোগ করেন সামিয়া অথৈ। তিনি আরও বলেন, “গতকালও সে খারাপ আচরণ করেছে। ৪০ থেকে ৫০ মিনিট বাথরুমে ছিল। পাগলের মতো আচরণ করেছে।”

তানজিন তিশার প্রতিক্রিয়া

এ বিষয়ে জানতে চাইলে তানজিন তিশা জানান, তিনি বর্তমানে শুটিংয়ে ব্যস্ত আছেন এবং নেটওয়ার্ক সমস্যার কারণে বিস্তারিত কথা বলতে পারছেন না। তবে তিনি দ্রুতই এ বিষয়ে একটি অডিও বার্তা পাঠাবেন বলে জানিয়েছেন।

সর্বশেষ