৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যারিস্টার আরমান আত্মগোপনে ছিলেন দাবি আসামিপক্ষের আইনজীবীর

৮ মার্চ ২০২৬

ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম আরমান গত আট বছর আত্মগোপনে ছিলেন এবং কোনো আইনপ্রয়োগকারী সংস্থা তাকে গুম করেনি বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী আমিনুল গণি টিটো। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে জেরা চলাকালে তিনি এই দাবি করেন। টিএফআই সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কর্নেল কেএম আজাদের পক্ষে জেরা করার সময় আইনজীবী আরও দাবি করেন যে ব্যারিস্টার আরমানের লেখা বইয়ের বিবরণীগুলো মিথ্যা।

জবাবে ব্যারিস্টার আরমান এই দাবিগুলো অস্বীকার করে জানান তার দেওয়া তথ্যগুলো সত্য। জেরার একপর্যায়ে ট্রাইব্যুনালে আরমানের গুমজীবন নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় যেখানে তাকে লুঙ্গি টি-শার্ট ও ঘাড়ে গামছা পরিহিত অবস্থায় সিসিটিভি ফুটেজে দেখা যায়। আসামি পক্ষের আইনজীবীর অভিযোগ এটি প্রামাণ্যচিত্র তৈরির উদ্দেশ্যে পরা হয়েছিল তবে সাক্ষী জানান ফুটেজটি মূল সিসিটিভি থেকে নেওয়া। পরবর্তীতে অন্যান্য আসামিদের পক্ষে জেরার জন্য সময় আবেদন করা হলে আদালত আগামী ১০ মার্চ পরবর্তী দিন নির্ধারণ করেন। এদিন মামলার ১০ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল।

সর্বশেষ