ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ইঙ্গিতের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমতে শুরু করেছে। সোমবার জ্বালানি তেলের দাম গত চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালেও ট্রাম্পের পূর্বাভাসের পর তা দ্রুত নিচের দিকে নেমে আসে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ব্রেন্ট ফিউচারস প্রতি ব্যারেলে ৬.৬ শতাংশ কমে ৯২.৪৫ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ৬.৫ শতাংশ কমে ৮৮.৬৫ ডলারে নেমে এসেছে। এর আগে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল এবং ব্রেন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ১১৯.৫০ ডলার পর্যন্ত উঠেছিল যা ২০২২ সালের মাঝামাঝি সময়ের পর সর্বোচ্চ। তেলের দাম বৃদ্ধির প্রভাবে এশিয়া ও ইউরোপের শেয়ারবাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিলেও ট্রাম্পের যুদ্ধ বন্ধের ইঙ্গিতে বাজার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।



