এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এই ফল প্রকাশ করা হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ প্রক্রিয়ায় বিশেষ পরিবর্তন আনা হয়েছে। অতীতে কেবল প্রাপ্ত নম্বর যোগে কোনো ভুল ছিল কি না তা যাচাই করা হতো। তবে প্রথমবারের মতো এবার পরীক্ষার্থীদের আবেদনকৃত উত্তরপত্রগুলো পুরোপুরি পুনরায় মূল্যায়ন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া চলে। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে সর্বমোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন।



