রাজধানীর উত্তরা থেকে ৪৭টি মানুষের মাথার খুলি ও বিপুল পরিমাণ হাড়সহ একটি চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজের হোস্টেলে অভিযান চালিয়ে এই কঙ্কালগুলো উদ্ধার করা হয়। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, চক্রটি দেশের বিভিন্ন এলাকার কবরস্থান থেকে মরদেহ চুরি করে কঙ্কাল সংগ্রহ করত।
গ্রেপ্তারকৃতরা হলো কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক, মো. আবুল কালাম, আসাদুল মুন্সী ও মো. ফয়সাল আহম্মেদ। পুলিশ জানায়, চক্রটি ময়মনসিংহ, শেরপুর ও গাজীপুরের বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল সংগ্রহ করে ৫-৭ হাজার টাকায় ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের কাছে বিক্রি করত। পরবর্তীতে সেই হাড় ও খুলি কেমিক্যাল দিয়ে প্রসেসিং করে ফেসবুকের প্রাইভেট গ্রুপের মাধ্যমে ১৫-২০ হাজার টাকায় পুনরায় বিক্রি করা হতো। গ্রেপ্তারকৃত আবুল কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে। এই ঘটনায় তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



