দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় আগামী শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় দেশটির ‘রুলার্স সিলের রক্ষক’ সাইয়েদ দানিয়াল সাইয়েদ আহমদ টেলিভিশনে এক ভাষণে এই ঘোষণা দেন।
চাঁদ দেখা যায়নি ২৯ স্থানে
রুলার্স কনফারেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, মালয়েশিয়ার সব কটি রাজ্যে মোট ২৯টি নির্ধারিত স্থানে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা করা হয়েছে। তবে আজ বৃহস্পতিবার দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
শাসকদের সম্মতিতে ঘোষণা
টিভি ভাষণে সাইয়েদ দানিয়াল সাইয়েদ আহমদ বলেন, “সুলতান ও শাসকদের সম্মতিক্রমে আমি ঘোষণা করছি যে, মালয়েশিয়ার সব রাজ্যে ‘হরি রায়া আইদিলফিতরি’ (ঈদুল ফিতর) উদযাপনের তারিখ আগামী ২১ মার্চ, শনিবার নির্ধারণ করা হয়েছে।”
শনিবার থেকে উৎসবের শুরু
মালয়েশিয়ায় ঈদুল ফিতর ‘হরি রায়া আইদিলফিতরি’ হিসেবে পরিচিত। চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার থেকে দেশজুড়ে পবিত্র ঈদের আমেজ শুরু হবে।



