২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিভে গেল ৯ বছরের সাইয়্যেদার প্রাণ: শোকাতুর লক্ষ্মীপুর

২৩ মার্চ ২০২৬

লক্ষ্মীপুরের কমলনগর ও সদর উপজেলার চরমনসা গ্রামে এবার ঈদের আনন্দ রূপ নিয়েছে বিষাদে। প্রতি বছর বাবা-মায়ের সঙ্গে যে মাহজাবিন মোশাররাদ সাইয়্যেদা (৯) হাসিমুখে গ্রামে আসত, এবার সে ফিরল নিথর দেহ হয়ে। শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ‘মামুন পরিবহন’-এর বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারায় এই শিশুটিসহ অন্তত ১২ জন।

নিহত সাইয়্যেদার বাবা সিরাজ উদদৌলা ফরিদপুরের একটি মসজিদের খতিব। নদী ভাঙনে সব হারিয়ে সদর উপজেলার চরমনসা গ্রামে একটি নতুন ঘর তুলেছিলেন তিনি। এবার সেই নতুন ঘরেই ঈদ কাটানোর কথা ছিল পরিবারের। কিন্তু পথেই সব ওলটপালট হয়ে গেল। দুই বছর আগে একমাত্র ছেলেকে হারানো সিরাজ উদদৌলার ছোট মেয়ে সাইয়্যেদাও চলে গেল না ফেরার দেশে। বর্তমানে সিরাজ উদদৌলা ও তার স্ত্রী রাজিয়া সুলতানা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন এবং বড় মেয়ে তাসনুবা তাবাসসুম আফনান আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগরের আরও এক পরিবারের তিন সদস্য। ঝিনাইদহের বাসিন্দা চালক স্বামী তার স্ত্রী লাইজু বেগম (২৬) এবং দুই শিশু কন্যা খাদিজা (৬) ও মরিয়মকে (৩) ঈদে বাবার বাড়ি পাঠানোর জন্য বাসে তুলে দিয়েছিলেন। কিন্তু লক্ষ্মীপুর স্টেশনে স্বজনরা অপেক্ষা করলেও তারা আর পৌঁছাতে পারেননি। পরিবারের সবাই নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাইয়্যেদার মরদেহ বাড়িতে আনা হলেও জানাজার সময় এখনও নির্ধারিত হয়নি।

সর্বশেষ