মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধ এবং উত্তেজনা প্রশমনে এবার সরাসরি মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে পাকিস্তান। আজ শনিবার (২৮ মার্চ) পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মধ্যে এক ঘণ্টাব্যাপী গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে।
সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, এই ফোনালাপে শাহবাজ শরিফ আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা এবং কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। মধ্যপ্রাচ্যের এই সংকটময় মুহূর্তে দুই নেতার এই আলাপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইসলামাবাদে বসছে উচ্চপর্যায়ের আঞ্চলিক সম্মেলন
এই ফোনালাপের ঠিক পরের দিনই অর্থাৎ আগামীকাল রোববার থেকে ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক সম্মেলন। এই সম্মেলনে অংশ নিতে আসছেন তুরস্ক, মিসর এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সম্মেলনে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং উত্তেজনা প্রশমনের সুনির্দিষ্ট উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
ওয়াশিংটন ও তেহরানের ‘যোগসূত্র’ পাকিস্তান
বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শক্তিশালী ‘যোগসূত্র’ হিসেবে কাজ করছে পাকিস্তান। গত কয়েক দিন ধরে পাকিস্তান ও তুরস্কের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পরোক্ষভাবে বার্তার আদান-প্রদান চলছে। কূটনৈতিক মহলের ধারণা, ইসলামাবাদের এই চারদেশীয় বৈঠকটি একটি টেকসই যুদ্ধবিরতির পথ প্রশস্ত করতে পারে।



