২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

২৮ মার্চ ২০২৬

পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কাজ করবেন এই কর্মকর্তারা।

শনিবার (২৮ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্যাগ অফিসাররা পেট্রোল পাম্পে তেল উত্তোলন, মজুদ ও বিক্রির সার্বিক কার্যক্রম তদারকি করবেন।

ডিপো থেকে পাম্পে তেল লোড ও আনলোডের সময় উপস্থিত থেকে তারা কার্যক্রম পর্যবেক্ষণ করবেন, যাতে কোনো ধরনের অনিয়ম না ঘটে।
এছাড়া পাম্প মালিকরা যাতে তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন, তা নিশ্চিত করবেন তারা। একই সঙ্গে দ্রুত ভোক্তা পর্যায়ে তেল বিক্রি নিশ্চিত করার বিষয়টিও তাদের দায়িত্বের মধ্যে থাকবে।

ট্যাগ অফিসারদের প্রতিদিন পাম্পের তেল উত্তোলন ও বিক্রির পরিমাণ নির্ধারণ করে সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নির্ধারিত নির্দেশনা অনুযায়ী তেল সরবরাহ নিশ্চিত করবেন ট্যাগ অফিসাররা।

নিয়োগ কাঠামো অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বিপিসি ট্যাগ অফিসার নিয়োগ দেবে। আর জেলা ও বিভাগীয় শহরে জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে ইউএনওরা তাদের অধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ করবেন।

নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা প্রতিদিনের কার্যক্রমের প্রতিবেদন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠাবেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দ্রুত সময়ের মধ্যে পেট্রোল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ