কীর্তনখোলা নদীর তীরে নোঙর করা একটি লঞ্চ ডুবে গেছে।
বুধবার (১ এপ্রিল) বেলা দেড়টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই সংলগ্ন নদীর অংশে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ জানান, চরমোনাইয়ের দরবার শরীফে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল উপলক্ষে এমবি মানিক-০৪ নামের একটি লঞ্চ ভাড়া করে মুসল্লিরা সেখানে আসেন।
লঞ্চটি মাহফিল প্রাঙ্গণসংলগ্ন ঘাটে নোঙর করে যাত্রীরা নেমে যান। পরে মাহফিল চলাকালে হঠাৎ লঞ্চটি ডুবে যায়।
তিনি বলেন, ঘটনার সময় লঞ্চে কোনো যাত্রী বা সংশ্লিষ্ট ব্যক্তি না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত রাতে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা রিজার্ভ লঞ্চটি ভোরে যাত্রী নামিয়ে ঘাটে অবস্থান করছিল।
ভাটার কারণে পানি কমে গেলে লঞ্চটির পেছনের অংশ দেবে যায় এবং দুপুরের দিকে সেটি সম্পূর্ণ ডুবে যায়।
লঞ্চ সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীদের মতে, যথাযথভাবে নোঙর না করায় পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এ দুর্ঘটনা ঘটতে পারে। এতে লঞ্চে থাকা মুসল্লিদের কিছু সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জোয়ারের সময় লঞ্চটি তলিয়ে থাকা ব্লক ও বালুর বস্তার ওপর স্থির ছিল।



