৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর

৩ এপ্রিল ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) ভোরে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সিসিইউ থেকে কেবিনে নেয়া হয়। বিএনপির মিডিয়া উইং জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং বর্তমানে সীমিতভাবে কথা বলতে পারছেন।

এর আগে, চলতি বছরের ১৫ মার্চ ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয় উন্নত চিকিৎসার জন্য।

জানা যায়, ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে স্থানান্তর করা হয়।

এদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য ইতোমধ্যে সিঙ্গাপুরে গেছেন। তার ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন মির্জা আব্বাস এবং তার শারীরিক অবস্থার উন্নতি অব্যাহত রয়েছে।

সর্বশেষ