৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

পিরোজপুর-বরিশাল মহাসড়কে দুই বাসের সংঘর্ষ, আহত অন্তত ৭

৪ এপ্রিল ২০২৬

পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার রানীপুর এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। শনিবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ভান্ডারিয়াগামী পালকি পরিবহন ও চরমোনাইয়ের মাহফিল থেকে ফেরত আসা মোল্লা ট্রাভেলস বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোল্লা ট্রাভেলসের বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

মোল্লা ট্রাভেলসের যাত্রী ইউসুফ আলী বলেন, বিপরীত দিক থেকে আসা পালকি পরিবহনের অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। আহতদের বেশিরভাগই মোল্লা ট্রাভেলসের যাত্রী।

পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নিজাম উদ্দিন জানান, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং গুরুতর অবস্থায় একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং কাউকে আটক করা হয়নি।

সর্বশেষ