রাজধানীর একটি সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনী ঘিরে ছড়িয়ে পড়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান-এর পাশে দাঁড়িয়ে ছিলেন ছবির দুই নায়িকা জ্যোতির্ময়ী কুণ্ডু ও তাসনিয়া ফারিণ। এ সময় শাকিব খান জ্যোতির্ময়ীর কোমরে হাত রাখেন, যা ঘিরে ‘অস্বস্তি’ ও ‘ব্যাড টাচ’-এর অভিযোগ উঠে অনলাইনে।
তবে বিষয়টি নিয়ে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু। তিনি এসব অভিযোগ সরাসরি নাকচ করে বলেন, ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। তাঁর ভাষ্য, সেখানে প্রচণ্ড ভিড় ছিল এবং ঠিকমতো দাঁড়ানোর জায়গাও পাওয়া যাচ্ছিল না। মিডিয়ার অনুরোধে শাকিব খানের সঙ্গে ছবি তুলতে গিয়ে ওই পরিস্থিতিতে তিনি তাঁদের গার্ড করেছিলেন।
ঘটনাটিকে যেভাবে ছড়ানো হচ্ছে, তা বাস্তবতার সঙ্গে মেলে না বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে কেউ কিছু করতে চাইলে এত ক্যামেরার সামনে তা করত না।
অভিনেতার আচরণে কোনো অস্বস্তি বোধ করেননি বলেও জানান জ্যোতির্ময়ী। তাঁর মতে, ভিড়ের মধ্যে কো-আর্টিস্ট হিসেবে একজন আরেকজনকে সহযোগিতা করা স্বাভাবিক বিষয়।
‘ব্যাড টাচ’ প্রসঙ্গেও তিনি স্পষ্ট করে বলেন, এমন কিছু ঘটলে তিনি নিশ্চয়ই প্রতিবাদ করতেন। সাধারণ একটি ঘটনাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলেই দাবি করেন তিনি।
এ ছাড়া শাকিব খান-এর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও ইতিবাচক কথা বলেন জ্যোতির্ময়ী। ‘প্রিন্স’ সিনেমায় কাজ করতে গিয়ে তাঁর সহযোগিতা পাওয়ার কথা উল্লেখ করে তিনি জানান, বিষয়টিকে অযথা বড় করে দেখানো হচ্ছে, যা সত্য নয়।



