চলতি এপ্রিল মাসজুড়ে দেশে কয়েক দফায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গ্রীষ্ম শুরু হতে এখনও কিছুটা সময় বাকি থাকলেও চৈত্রের শেষেই তীব্র গরমে জনজীবনে অস্বস্তি বাড়ছে, যা সামনে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
সংস্থাটি জানায়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও কয়েক দিন স্থায়ী হতে পারে। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের তীব্র অনুভূতি বাড়ছে।
দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এপ্রিলজুড়ে দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ হতে পারে। তীব্র তাপপ্রবাহের সময় কোথাও কোথাও তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, সার্বিকভাবে দিন ও রাতের গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। তবে দফায় দফায় তাপপ্রবাহের কারণে গরমের প্রভাব জনজীবনে স্পষ্টভাবে পড়তে পারে।
এ মাসে তাপপ্রবাহের পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। বিভিন্ন স্থানে পাঁচ থেকে সাত দিন হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি এক থেকে তিন দিন তীব্র কালবৈশাখী ঝড়, দমকা হাওয়া এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।
সমুদ্র পরিস্থিতি নিয়েও সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। বঙ্গোপসাগরে এ মাসে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
সাম্প্রতিক পূর্বাভাসে ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, দেশের ওপর চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আপাতত অব্যাহত থাকবে, তবে আগামী কয়েক দিনে কিছু এলাকায় তা কিছুটা কমতে পারে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সপ্তাহজুড়ে একই প্রবণতা বজায় থাকতে পারে এবং তাপমাত্রা কিছুটা কমতে পারে। তৃতীয় দিন থেকে দেশের আরও কয়েকটি বিভাগে বজ্রসহ বৃষ্টি ও কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। চতুর্থ দিনে খুলনা ও বরিশালে বৃষ্টির বিস্তার বাড়তে পারে এবং তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। পঞ্চম দিনেও বিভিন্ন এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে, তবে সময়ের শেষে বৃষ্টির প্রবণতা কমে আবার তাপমাত্রা বাড়তে পারে।
এ ছাড়া এপ্রিল মাসে দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে তাপপ্রবাহ, ভ্যাপসা গরম, কালবৈশাখী ও সম্ভাব্য লঘুচাপের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



