১২ আগস্ট আকাশে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ

১০ আগস্ট ২০২৬

মহাকাশপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর ক্ষণের অপেক্ষা শেষ হতে যাচ্ছে। আগামী ১২ আগস্ট (বুধবার) আকাশে দেখা যাবে বিরল পূর্ণ সূর্যগ্রহণ। ২০২৪ সালের এপ্রিলের পর বিশ্বজুড়ে এটিই প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। ২০ বছর পর এবার ইউরোপের মূল ভূখণ্ডে এই দৃশ্য দেখা যাবে, যা সর্বোচ্চ প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হতে পারে।

জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, গ্রিনিচ সময় অনুযায়ী ১২ আগস্ট বিকেল ৩টা ৩৪ মিনিটে গ্রহণের প্রক্রিয়া শুরু হবে। গ্রহণের পূর্ণগ্রাস অংশটি আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে পশ্চিম আইসল্যান্ড, উত্তর-পূর্ব পর্তুগাল এবং উত্তর স্পেন অতিক্রম করবে। বিশেষ করে স্পেনের লেওন, বুর্গোস, ভায়াদোলিদ, সানতান্দের, বিলবাও, জারাগোজা, ভ্যালেন্সিয়া ও পালমা শহর থেকে এই দৃশ্য সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। এ ছাড়া দেশটির রাজধানী মাদ্রিদ ও বার্সেলোনা মূল বলয়ের ঠিক বাইরে থাকলেও সেখান থেকে সূর্যের ৯৯ শতাংশের বেশি অংশ ঢেকে যেতে দেখা যাবে। স্পেনে স্থানীয় সময় রাত ৮টা ২৭ মিনিটে পশ্চিমাঞ্চলে পূর্ণগ্রাস শুরু হবে।

চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে দাঁড়ায় এবং সূর্যের আলো পুরোপুরি ঢেকে দেয়, তখন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটে। যদিও সূর্যের ব্যাস চাঁদের চেয়ে প্রায় ৪০০ গুণ বড়, তবে সূর্য পৃথিবী থেকে চাঁদের তুলনায় প্রায় ৪০০ গুণ দূরে অবস্থান করায় পৃথিবী থেকে উভয়কে সমান দেখায় এবং পূর্ণ সূর্যগ্রহণ সম্ভব হয়।

নাসার তথ্যমতে, প্রতি বছর বিশ্বে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ দেখা গেলেও পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলকভাবে বিরল। প্রতি ১০০ বছরে গড়ে প্রায় ৬৬টি পূর্ণ সূর্যগ্রহণ ঘটে। এবারের এই বিরল মহাজাগতিক দৃশ্যটির পূর্ণগ্রাসের মূল পথে বসবাস করছেন প্রায় দেড় কোটি মানুষ। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ৯৮ কোটি মানুষ অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার প্রতি আটজনের একজন আংশিক বা পূর্ণ রূপেক্স এই সূর্যগ্রহণ প্রত্যক্ষ করার সুযোগ পাবেন।

সর্বশেষ