কানাডার ম্যানিটোবা প্রদেশের নারসিস শহর এখন বিশ্বজুড়ে ‘সাপের হানিমুন স্পট’ হিসেবে পরিচিতি পেয়েছে। প্রতি বসন্তে এই অঞ্চলে প্রায় ৭৫ হাজার থেকে দেড় লাখ লাল ডোরাকাটা ইস্টার্ন গার্টার সাপ একত্রিত হয়। দীর্ঘ শীতকাল শেষে মার্চ থেকে জুনের মধ্যে এই বিরল প্রজনন উৎসব বা সাপের মিলনমেলা শুরু হয়।
শীতের তীব্রতা থেকে বাঁচতে সাপগুলো ভূগর্ভস্থ চুনাপাথরের গুহায় আশ্রয় নেয়। বসন্তের শুরুতে তাপমাত্রা বাড়লে প্রথমে পুরুষ সাপগুলো বেরিয়ে আসে এবং পরবর্তীতে স্ত্রী সাপের সন্ধানে চারদিকে ছড়িয়ে পড়ে। স্ত্রী সাপ বেরিয়ে আসার পর শত শত পুরুষ সাপ সেটিকে ঘিরে ধরে মিলনের চেষ্টা চালায়, যা বিজ্ঞানীদের ভাষায় ‘মেটিং বল’ নামে পরিচিত। দূর থেকে দেখলে মনে হয় মাটির ওপর সাপের বিশাল কোনো গোলক নড়াচড়া করছে।
এই অদ্ভুত ও বিস্ময়কর দৃশ্য দেখতে প্রতিবছর নারসিসে ভিড় করেন বিশ্বের বিভিন্ন দেশের জীববিজ্ঞানী, গবেষক ও প্রকৃতিপ্রেমী পর্যটকরা। অতীতে এই এলাকায় যাতায়াতের পথে যানবাহনের চাপায় প্রচুর সাপ মা’রা পড়লেও বর্তমানে পরিবেশবিদদের উদ্যোগে সড়কের নিচে বিশেষ টানেল ও সুরক্ষা বেড়া নির্মাণ করা হয়েছে। নারসিসের এই সাপ সমাবেশকে পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।



