আগামী বাজেটে ভ্যাট ও আমদানি শুল্কে ছাড় দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেছেন, সামনে নানা খাতের কর অব্যাহতি সুবিধা তুলে দেওয়া হবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় রাজস্ব বাজেট প্রণয়নের লক্ষ্যে পরিবহন খাতের সংগঠনগুলোর নেতাদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, গতবার থেকে ৫০ শতাংশ আয় বাড়াতে বলা হয়েছে। ৪ থেকে ৬ লাখ কোটি টাকা রাজস্ব আদায় দরকার। বিশাল রাজস্ব আদায়ের স্বার্থে কঠোর পদক্ষেপের বিকল্প নেই।
তিনি বলেন, পাবলিক ট্রান্সপোর্টে সর্বোচ্চ ছাড় দেবে সরকার। টার্নওভার ট্যাক্স কমিয়ে আনার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হচ্ছে। কর ফাঁকির কারণে নানাক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। ভ্যাট রিফান্ড দেওয়ার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। দেড় বছর ধরে রিফান্ড দেওয়া হয় নাই। অন্যায় করা হচ্ছে। আরও কিছুদিন এমন করা হবে। যতোদিন সার্বিক কর্মকাণ্ড অনলাইন না হবে।
আলোচনায় যুক্ত হয়েছিলেন বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বিএএএমএ); বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটারওয়ে (প্যাসেঞ্জার ক্যারিয়ার) অ্যাসোসিয়েশন (বিআইডব্লিউপিসিএ); বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন (বিএমএএমএ); বাংলাদেশ শিপ বিল্ডার্স অ্যাসোসিয়েশন (বিএসবিএ); এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি); বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিআইসিডিএ); বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস অ্যান্ড এজেন্টস অ্যাসোসিয়েশন (বিপিডিডিএএ); বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা); লঞ্চ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি) এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিভিওএ) এর নেতারা।



